আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ২৪ মে ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিচারিক দীর্ঘসূত্রতার কারণে অনেক অপরাধী শাস্তি এড়িয়ে যাচ্ছে। তারা শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা)-এর সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএসের প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান এবং জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগম।
এদিকে একই দাবিতে দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম” ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সেখানে নারী ও শিশু সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়।





