স্টাফ রিপোর্টার: ৯ মে ২০২৬ , ৯:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তা মোড় এলাকার একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার তেলিপাড়া খড়খড়িয়া এলাকার নুর জামালের ছেলে রুবেল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী মডেল থানা পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রুবেল মিয়ার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে নগদ ৬ হাজার ৮৮০ টাকা এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
চিলমারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হিরা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।











