অপরাধ

রৌমারীতে অপহরণ মামলা ঘিরে নাটকীয়তা, ভাইরাল ভিডিওতে তোলপাড়

  স্টাফ রিপোর্টার: ৮ মে ২০২৬ , ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে অপহরণ মামলার এক আসামির কাছ থেকে এক তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের সময় প্রেমিক-প্রেমিকার ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার(৮ মে)সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার রৌমারী সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কবির হোসেন (১৯) সদর ইউনিয়নের পদ্মার চর এলাকার জাহিদুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরে গত ২৭ এপ্রিল ওই তরুণ-তরুণী বাড়ি থেকে চলে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে নিখোঁজ তরুণীর মা আজিরণ বেগম চলতি মাসের ৩ মে রৌমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার স্থানীয়ভাবে রৌমারী সদর ইউনিয়ন পরিষদে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় তরুণীকে পরিবারের কাছে হস্তান্তরের মুহূর্তে প্রেমিক-প্রেমিকা একে অপরকে ছাড়তে না চাওয়ায় সেখানে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত কেউ ওই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
পুলিশ জানায়, অপহরণ মামলার পর অভিযান চালিয়ে মামলার এক ও দুই নম্বর আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।