অনলাইন ডেস্ক : ২৭ এপ্রিল ২০২৬ , ১১:৫৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর মাধবদীতে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে পাল্টাপাল্টি হামলা, কুপিয়ে জখম ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সাজ্জাদ হোসেন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার খনমুর্দ্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাজ্জাদকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজ্জাদ হোসেন ওই এলাকার মাহতাব মিয়ার ছেলে। একই এলাকার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বিষয়টি মেয়েটির পরিবার মেনে নেয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণী সাজ্জাদের সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়। এ সময় মেয়েটির স্বজনরা ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনার জেরে পরে সাজ্জাদের স্বজনরা সংঘবদ্ধ হয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা পেট্রল ঢেলে অন্তত চারটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরবাড়ির আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। একজনকে কুপিয়ে আহত করার পর প্রতিশোধ হিসেবে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও কিছু মানুষের বাধার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে চারটি বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।











