কুড়িগ্রাম প্রতিনিধি: ২১ এপ্রিল ২০২৬ , ৭:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাতৃত্ব ও শিক্ষাজীবনের দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক এসএসসি পরীক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিনদিন পরই পরীক্ষার হলে উপস্থিত হয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও স্বপ্নপূরণের প্রত্যয় দেখিয়েছেন হাওয়া আক্তার।
জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অপারেশনের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের জিম্মায় রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হন তিনি। নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন এই সাহসী মা।
পরীক্ষাকেন্দ্রের পাশের একটি কক্ষে তার নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের দেখভাল—দুটি দায়িত্বই সমান্তরালে চলছিল।
স্থানীয়রা বলছেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও লক্ষ্য থেকে বিচ্যুত না হওয়ার এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। হাওয়া আক্তারের এই সাহসিকতা প্রমাণ করে—দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।
তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দ্রের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, “আমাদের কেন্দ্রে প্রায় ১,১০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে একজন ছাত্রী মাত্র তিনদিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছেন—এটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”











