চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ৪:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের এক শিশু হত্যার ঘটনায় তিন দিন পেরিয়ে গেলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কালবেলা, সমকাল ও ইনকিলাবের তিন সাংবাদিক স্থানীয় এক ব্যক্তির বাধার মুখে পড়েছেন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
গত শুক্রবার রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকায় আয়শা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনার এতদিন পরও পুলিশ কোনো আসামি শনাক্ত করতে পারেনি।
সোমবার (২০ এপ্রিল) সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে কালবেলা প্রতিনিধি এস এম রাফি, সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম এবং ইনকিলাব প্রতিনিধি ফয়সাল হকের পথরোধ করেন স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন আহমেদ। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সমকাল প্রতিনিধি রিয়াদুল ইসলাম জানান,তারা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মহিউদ্দিন এসে তাদের ওপর চড়াও হন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
কালবেলা প্রতিনিধি এস এম রাফি বলেন, “সংবাদ সংগ্রহ করতে গেলে মহিউদ্দিন আমাদের সাংবাদিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অকথ্য ভাষায় সাংবাদিক সমাজকে হেয় করেন। স্বাধীন সাংবাদিকতায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সত্য প্রকাশে বাধা দেওয়ার অপচেষ্টা।”
অভিযুক্ত মহিউদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, “শিশু হত্যার ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”





