স্টাফ রিপোর্টার: ১৯ এপ্রিল ২০২৬ , ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে গোপন বৈঠকের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, বাস মালিক সমিতির প্রভাবশালী নেতারা সরকারের সঙ্গে সমন্বয় করে একচেটিয়া ভাড়া বৃদ্ধির চেষ্টা করছে।
রবিবার (১৯ এপ্রিল) রাতে বিআরটিএ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে ভাড়া বৃদ্ধির একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে—এমন তথ্য পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযোগ করেন।
তিনি বলেন, অতীতে জ্বালানি তেলের মূল্য তিন দফায় প্রতি লিটারে ৩ টাকা করে কমানো হলে বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৩ পয়সা করে কমানো হয়েছিল। একইভাবে ২ টাকা কমানোর ক্ষেত্রেও ২ পয়সা হারে ভাড়া কমানো হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে ১৫ পয়সা হারে বৃদ্ধির প্রস্তাব তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, এর অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হলে তা জনদুর্ভোগ বাড়াবে এবং সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে জনরোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বাস মালিকদের একচেটিয়া সুবিধা না দিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে এবং প্রয়োজনে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।





