এফ কে আশিক,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম): ৮ এপ্রিল ২০২৬ , ৪:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নির্মাণাধীন সোনাহাট সেতু, তীর রক্ষা বাঁধসহ আশপাশের বসতভিটা ও ফসলি জমি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সেতু ও বাঁধের খুব কাছ থেকেই একাধিক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরের স্থিতিশীলতা নষ্ট করছে। এতে আগামী বর্ষা মৌসুমে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।
আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পক্ষ দাবি করেছে, সেতু নির্মাণকাজের জন্য বালু তোলা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এ দাবি নাকচ করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











