উত্তরের আলো

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত

সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
Oplus_131072

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৩৯(২) ধারায় ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এর আগে ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম সিনিয়র দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন মঞ্জুর করলেও বুধবার রাত পর্যন্ত জামিনের নথি কারাগারে পৌঁছায়নি বলে জেল সূত্র জানিয়েছে।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ১৩ মার্চ রাতে। কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে (সুলতানা সরোবর) নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে। তাকে ক্রসফায়ারে হত্যার চেষ্টা ও মাদক মামলায় সাজা দেওয়ার অভিযোগ ওঠে।

পরে সারা দেশে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে আরিফুল ইসলাম মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার শুনানিতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তার আবেদন নাকচ হয় এবং শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানো হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মামলার অগ্রগতি ও আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভর করবে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা।

শেয়ার: