রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুয়াদ আল খতিব নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।
তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
এ বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, গতকাল রাতে বাড়ি থেকে ফিরে হলকক্ষে অবস্থান করছিলেন ফুয়াদ। কিন্তু দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় শিক্ষার্থীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং তাকে ডাকেন। কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া না গেলে এবং শরীর ঠান্ডা দেখে আমাকে জানান। তখন আমি ঘটনাস্থলে যাই এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ শিক্ষার্থী কক্ষে সিঙ্গেল কক্ষে থাকতেন। তার কক্ষের দরজা খোলা ছিল এবং মুখ দিয়ে রক্ত পরছিল। আশপাশের কক্ষের কোন শিক্ষার্থীও তার মৃত্যুর বিষয়ে কিছু জানেনা। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান প্রাধ্যক্ষ।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত শিক্ষার্থী ফুয়াদ বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তার পিতার নাম আমিনুল ইসলাম।
৯ ডিসেম্বর রাতে প্রাইমারী নিবন্ধন পরীক্ষা শেষ করে বাড়ি থেকে ফিরেছেন তিনি। তারপর থেকে কক্ষেই ঘুমাচ্ছিলেন। দুপুর ৩টার দিকে দরজা খুলে কক্ষে প্রবেশ করে মৃত্যু অবস্থায় তাকে পাওয়া যায়। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল ও শরীরে লাল দাগ ছিল।
