মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : ১৩ মে ২০২৬ , ১২:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জামালপুরের মাদারগঞ্জে র্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে চাল ব্যবসায়ী সাজেলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যবসায়ী সাজেলের গুদাম থেকে ৪৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন,“গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সরকারি চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করা হয়েছে। জনস্বার্থে র্যাব ও প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪৬ বস্তা চাল জব্দ করে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
উদ্ধারকৃত চাল মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।











