উত্তরের আলো

সাংবাদিককে গুম-হত্যার হুমকির অভিযোগ, বিপাকে রৌমারীর এসিল্যান্ড

সাংবাদিককে গুম-হত্যার হুমকির অভিযোগ, বিপাকে রৌমারীর এসিল্যান্ড
Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে দৈনিক কালবেলার সাংবাদিক সাখাওয়াত হোসেনকে মামলা, গুম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমির নামজারি বাতিলের আইনগত ভিত্তি এবং দৈনিক মানবজমিনের সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশির কারণ জানতে চাওয়ায় ওই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সরকারি মোবাইল ফোনে কল করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। সম্প্রতি সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশির কারণ জানতে চান তিনি। সংবাদ প্রকাশের জন্য তথ্য জানতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন বলে অভিযোগ সাখাওয়াতের।

স্থানীয় সূত্র ও সাংবাদিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট একটি জমির নামজারি করা হয়। পরে ৩০ আগস্ট কোনো ধরনের নোটিশ বা শুনানি ছাড়াই সেটি বাতিল করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের কাছে মুঠোফোনে জানতে চান সাংবাদিক রফিকুল ইসলাম সাজু।

এর পরদিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের সবুজপাড়া গ্রামে রফিকুল ইসলাম সাজুর বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালান এসিল্যান্ড রাফিউর রহমান।

তল্লাশির কারণ জানতে ফোন করেন সাংবাদিক সাখাওয়াত হোসেন। তার অভিযোগ, ফোনে কথা বলার একপর্যায়ে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে রৌমারীর সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ বলে গালিগালাজ করেন।

সাখাওয়াত হোসেনের অভিযোগ, একপর্যায়ে রাফিউর রহমান তাকে বলেন, ‘আমি তো চলে যাব। তবে আমার বিরুদ্ধে যে রিপোর্টগুলো করেছেন, সে জন্য আপনাকে দেখে ছাড়ব।’

পরে হুমকি দিয়ে তিনি বলেন, ‘কোথায় যাবেন? মামলা হবে, নাকি গুম হবেন, নাকি হত্যা করা হবে, তা সময় বলে দেবে।’

জবাবে সাখাওয়াত হোসেন বলেন, কোনো সংবাদে ক্ষুব্ধ হলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারি দায়িত্বশীল পদে থেকে কাউকে গুম বা হত্যার হুমকি দেওয়া যায় না। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

সাখাওয়াত হোসেন বলেন, গত ১৪ মে কালবেলা অনলাইনে ‘ঘুষ না দেওয়ায় ভুল রায় দিলেন এসিল্যান্ড’ এবং ৮ জুলাই ‘চেইনম্যানকে কানুনগো বানিয়ে ঘুষ বাণিজ্য’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয় বলে দাবি তার।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, সাধারণ সেবাগ্রহীতা ও কৃষকদের সঙ্গে ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের একাধিক ঘটনা রয়েছে। অফিসে দালালচক্র নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জীবনের নিরাপত্তা চেয়ে রৌমারী থানায় জিডির আবেদন করেছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সাংবাদিক সাখাওয়াত হোসেনের জিডির আবেদন গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মকর্তা হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, ‘সাংবাদিক সাখাওয়াত আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এ নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, আগামী রোববার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে রৌমারী থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।

শেয়ার: