চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১:৩৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের আবাদী জমির ফলস নিমজ্জিত হয়েছে। আকস্মিক এই জলাদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ হিসেবে চিলমারী উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে প্লাবিত এলাকায় জরুরি ভিত্তিতে ড্রেনেজ পাইপ বসানোর কাজ সম্পন্ন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজল ডাঙা, নয়াবাড়ি, বহরেরভিটা, ছড়ারপাড় ও বেলেরভিটা এলাকার বিল বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ফলে কিছু সংখ্যক পাট ক্ষেত, ধান ক্ষেত, ভূট্টার আবাদ জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছে। পরে এই সমস্যা সমাধানে যুবদল নেতা নিজস্ব উদ্যোগে ও স্থানীয় যুবকদের সহায়তায় দ্রুত ড্রেনেজ রিং বসানোর ফলে আটকে থাকা পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি হয়। রিং বসানোর পর থেকেই এলাকা থেকে দ্রুত পানি নামতে শুরু করেছে।
চিলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ তাতী বিষয়ক সম্পাদক
শাখাওয়াৎ হোসেন মতিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুসাইন মোহাম্মদ বিপ্লব উপস্থিতি থেকে এ কাজ করেন।
স্থানীয় বাসিন্দা শাহাজালাল বাবু, হাসানুর রহমান, এরশাদুল হক সহ অনেকেই বলেন, কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে আমার ফসলের জমি তলিয়ে যায়। পরে স্থানীয় যুবদল নেতা উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এখন পানি নামতে শুরু করেছে।
উদ্যোগটি প্রসঙ্গে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম জানান, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। চিলমারীর সাধারণ মানুষ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটে পড়বে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় তাদের পাশে থাকবে।





