কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয়, বিভাগ ও জেলার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ৮ আগষ্ট রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ইউনুস আলী, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মুফতি জাকির হোসেন, রংপুর জেলা সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, হেফাজতে ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ।
এসময় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এবং সমবেদনা জানান দলটির নেতাকর্মীরা। হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এবং সারা জীবন আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।
উত্তরের আলো
পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ
