অপরাধ

চিলমারীতে শিশু আয়শা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন-অবরোধ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৭ এপ্রিল ২০২৬ , ৩:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুন হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
সকালে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
এ সময় বিক্ষোভকারীরা ‘আয়শা হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। সবশেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। তার পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং প্রকৃত আসামিদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।
উল্লেখ্য, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় দুই বছর বয়সী আয়শা খাতুন নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত আয়শা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে। ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনো এই হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ, যা নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।