কুড়িগ্রামের চিলমারীতে ভিমরুলের বাসা ভাঙতে গিয়ে ভিমরুলের কামড়ে এক প্রতিবন্ধী বৃদ্ধ মারা গেছেন।
সোমবার (২৪ আগষ্ট) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোক্তার আলী। তিনি বলেন, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। তিনি বাসা ভাঙতে গিয়ে ভিমরুলের কামড়ে মৃত্যু বরণ করে। ঘটনাটি খুবই দুঃখজনক।
নিহত জয়নাল উদ্দিন (৬৫) উপজেলার থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী এলাকার মৃত গফুর উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বসতবাড়ির পাশে ভিমরুলের বাসা ভাঙতে গিয়ে বিষাক্ত ভিমরুলের আক্রমণের শিকার হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভিমরুলের কামড়ে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান জানিয়েছেন, ভিমরুলের তীব্র বিষে রক্তচাপ দ্রুত কমে যায়। এবং অ্যালার্জিক রিঅ্যাকশন (অ্যানাফিল্যাকটিক শক) তৈরি হয় যার ফলে ভিমরুল কামড়ে মানুষের মৃত্যু হয়।
