চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুরমুজ আলী নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া ও চিলমারীর নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার তোতা মিয়ার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। সম্প্রতি ওই মামলার রায় সেলিম মিয়ার পক্ষে যায়।
এরপর বৃহস্পতিবার সকালে পূর্বঘোষণা অনুযায়ী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নিতে যান সেলিম মিয়া। এ সময় তোতা মিয়ার পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষে উভয় পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র ব্যবহার করে পরস্পরের ওপর হামলা চালায়। এতে হুরমুজ আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মো. শহীদ আলী, মো. রাজা মিয়া ও মো. আমিনুল ইসলামসহ অন্তত আটজন আহত হন। আহতদের স্থানীয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সেলিম মিয়া ও তোতা মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধের বিষয়টি পুলিশ অবগত। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
