চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩১ মে ২০২৬ , ১:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহকে মারধরের ঘটনায় দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় চিলমারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৩০ মে) সন্ধ্যায় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার মাটিকাটা এলাকায় যানজটের সৃষ্টি হলে এমপির পিএস সানাউল্লাহ গাড়ি থেকে নেমে যানজট নিরসনের চেষ্টা করেন।
এ সময় দুই যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা সানাউল্লাহর ওপর হামলা চালিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে।
আটককৃতরা হলেন উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রসুলপুর (চুনিয়ারপাড়া) এলাকার মো. আতাউর রহমান (৩৫) ও মো. রেজাউল করিম (২৪)। তারা উভয়েই মো. আইয়ব আলীর ছেলে।
এমপির পিএস সানাউল্লাহ বলেন, “সংসদ সদস্যের একটি সভা থাকায় আমরা কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। মাটিকাটা এলাকায় যানজট দেখে আমি নেমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। এ সময় দুই যুবক আমার ওপর হামলা চালায়। তারা আরও একজনকে ঘুষি মেরে আহত করে। আমার একটি হাত আগে থেকেই ভাঙা থাকায় আত্মরক্ষাও করতে পারিনি।”
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলা নম্বর-১৪, তারিখ: ৩১ মে ২০২৬।











