চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৮ এপ্রিল ২০২৬ , ৫:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মোছা. আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে পুনরায় খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
শিশুটির মা রাশেদা বেগম ও স্বজনদের দাবি, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পান তারা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











