আন্তর্জাতিক ডেস্ক : ৪ মার্চ ২০২৬ , ৯:৩৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্পেনের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে অভিযানে ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘স্পেন খুবই খারাপ আচরণ করেছে।’ এ বিষয়ে তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব সম্পর্ক ছিন্ন’ বা ‘সব লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন।
স্পেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত রোটা ও মোরন সামরিক ঘাঁটি থেকে ১৫টি মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এল।
স্পেনের সমাজতান্ত্রিক সরকারের দাবি, মার্কিন সামরিক বাহিনীকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর অনুমতি প্রদান কোনো দ্বিপক্ষীয় চুক্তির আওতায় পড়ে না এবং এটি জাতিসংঘের সনদের সঙ্গেও সংগতিপূর্ণ নয়।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সামরিক অভিযানের জন্য ঘাঁটি ব্যবহারের বিষয়টি তাদের বিদ্যমান চুক্তির বাইরে।
ট্রাম্পের এই ঘোষণার পেছনে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ক্ষেত্রে স্পেনের অনীহা এবং অভিবাসন ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল।
এছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অতীতে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্রবাহী জাহাজের ডকিংয়ের অনুমতি না দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।
একইসঙ্গে ট্রাম্পের ‘মাগা’ (MAGA) আন্দোলন ও এর নেতাদের নিয়ে সানচেজের সমালোচনামূলক অবস্থানও দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।










