স্টাফ রিপোর্টার: ৩ মে ২০২৬ , ৫:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতি সন্তান মো.গোলাম মোস্তফা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. সালাউদ্দিন আহমেদ সভাপতি এবং মাহফুজ-উর-রহমান লিপকন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন ঘোষিত কমিটিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কৃতি সন্তান মো. গোলাম মোস্তফাকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি যাদুর চর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে তেজগাঁও কলেজের শিক্ষার্থী।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত গোলাম মোস্তফা জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ সময় তিনি বিভিন্ন হামলা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তার মতে, এই পদায়ন তার ত্যাগ ও অবদানের স্বীকৃতি।
তিনি ভবিষ্যতে ছাত্রদের কল্যাণ, অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দও তার প্রতি এ ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।











