বিবিধ

চিলমারীতে ঘূর্ণিঝড়ে একজন নিহত,একজন নিখোঁজ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ মার্চ ২০২৬ , ১২:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

কুড়িগ্রামের চিলমারীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে একজন নিহত ও একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নদীর ঘাটে থাকা অন্তত ১২টি নৌকা ভেঙে চুরমার হয়ে গেছে।
শনিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার গাজিরপাড়া নৌকা ঘাটে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. মিন্টু মিয়া (পিতা: শাহাবুদ্দিন)। নিখোঁজ রয়েছেন ফরিদ উদ্দিন (পিতা: এছাহক মেম্বার)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হলে মিন্টু মিয়া ও ফরিদ উদ্দিন গাজিরপাড়া নৌকা ঘাটে নৌকা বাঁধতে যান। এ সময় প্রবল ঝড়ো হাওয়া ও ব্রহ্মপুত্র নদ উত্তাল হয়ে উঠলে তারা দুর্ঘটনার শিকার হন। ঝড়ের তীব্রতায় ঘাটে থাকা প্রায় ১২টি নৌকা ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঝড়ের সময় মিন্টু মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তিনি মারা যান। অন্যদিকে ফরিদ উদ্দিন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য রোববার সকাল থেকে স্থানীয় লোকজন নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে রোববার দুপুর ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে নিহত মিন্টু মিয়ার জানাজা শেষে রোববার সকাল ৯টায় চিলমারী ইউনিয়নের ঢুষমারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “হঠাৎ করে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ের সময় ঘাটে থাকা নৌকাগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন সকাল থেকেই নদীতে অভিযান চালাচ্ছে। আমরা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে।