কুড়িগ্রাম প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ৬:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল— “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংবাদকর্মীদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।”
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। তবে এখনও অনেক মানুষ এ আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি জরুরি। সাধারণ মানুষের কাছে এ সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার, উঠান বৈঠক আয়োজন, সচেতনতামূলক সভা এবং স্থানীয় গণমাধ্যমে গ্রাম আদালত বিষয়ক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকার বিষয়েও মতামত তুলে ধরা হয়।
দিনব্যাপী কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও সহজলভ্য করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।











