কুড়িগ্রাম প্রতিনিধি: ৩ মে ২০২৬ , ৭:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
আলোচনা সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংবাদিক ও আইনজীবী আহসান হাবীব নীলু, ফজলে ইলাহী স্বপন, শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, রেজাউল করিম রেজা, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহানুর রহমান খোকন ও রেশমা বেগমসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
বক্তারা বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকদের মূল দায়িত্ব। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সমাজে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।”
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব।
আলোচনা সভা শেষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।





