আতাউর রহমান বিপ্লব,কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌর টাউনহলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘প্রচ্ছদ’-এর আয়োজনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। বিমল বন্দ্যোপাধ্যায় রচিত কাল্পনিক গল্পনির্ভর নাটকটির নির্দেশনা দিয়েছেন পার্থ প্রতিম চক্রবর্তী। শুক্রবার রাতে নাটকটি দেখতে টাউনহলে নাট্যপ্রেমীদের ঢল নামে। দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হলরুম।
নাটক শুরুর আগে ‘প্রচ্ছদ’-এর সভাপতি দুলাল বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
তিনি বলেন, “কুড়িগ্রামের সাংস্কৃতিক ইতিহাস অতি পুরোনো ও গৌরবময়। নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজকে সচেতন করা এবং প্রগতিশীল চেতনা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। প্রচ্ছদের এই নাট্যপ্রয়াস কুড়িগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব শ্যামল ভৌমিক।

বক্তারা কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত নাট্যচর্চা এবং সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্ব শেষে মঞ্চস্থ হয় প্রতীক্ষিত নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’। নাটকের পুরো পরিবেশনায় দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালি ছিল চোখে পড়ার মতো। বিপুল দর্শকসমাগমের মধ্য দিয়ে কুড়িগ্রামে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি মানুষের আগ্রহের বিষয়টিও উঠে আসে।
