স্টাফ রিপোর্টার:কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রতনপুর গ্রামের মো. এনামুল হক ও মো. ফারদিন আহমেদ।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ও রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলীর তত্ত্বাবধানে এসআই মো. রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উত্তরের আলো
রৌমারীতে ১,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
