রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় ওই পরিবারের সদস্যদের হত্যা করা হয়। পরে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে স্বর্ণালংকার লুট করে বাড়ি তছনছ করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
গ্রেপ্তার দুই যুবক হলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার ভোররাতে নিহত গণপতি চক্রবর্তী জুয়েলের বাড়ির ছাদে পাশের একটি তিনতলা ভবন দিয়ে লাফিয়ে উঠে দুই যুবক ইয়াবা সেবন করছিলেন। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী বিষয়টি দেখে ফেলেন। পরে তারা গণপতির গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন।
গণপতির চিৎকার শুনে তার স্ত্রী এগিয়ে এলে তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকে কয়েক মিনিট গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে পরে রশি দিয়ে তাকে হত্যা করা হয়। পরিবারের ছোট শিশুকেও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পুলিশের দাবি, চারজনকে হত্যার পর অভিযুক্তরা বাড়ির বাথরুমে গোসল করেন। এরপর ডাইনিংয়ে বসে খেজুর ও ফ্রিজ থেকে শসা খান এবং অবশিষ্ট ইয়াবা সেবন করেন। দিনের আলো ফুটে উঠলে সুযোগ বুঝে জুমার সময় বাড়ি থেকে বেরিয়ে যান।
বের হওয়ার আগে তারা বাড়ি থেকে স্বর্ণালংকার লুট করে এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করেন। হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখাতেই এমনটি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পরে একটি পরিত্যক্ত মন্দিরের পেছন থেকে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।
উল্লেখ্য, শনিবার (২২ আগস্ট) রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় বাইরে থেকে তালাবদ্ধ একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

