কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন, ভোট চলছে উৎসবমুখর পরিবেশে
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৯টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৯টি উপজেলার শ্রমিকদের নিয়ে ৪০টি বুথে মোট ৪ হাজার ৫১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশনার ডা. মাহফুজার রহমান মজনু জানান, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। শ্রমিকদের মধ্যে নির্বাচনকে ঘিরে ঈদের আনন্দের মতো উৎসবের আমেজ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
নির্বাচন পর্যবেক্ষণ করতে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজ্জামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
