বিবিধ

 ব্রহ্মপুত্রের স্রোতে নিখোঁজ বৃদ্ধ, ডুবুরি দলের অপেক্ষা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২০ জুলাই ২০২৬ , ২:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ পানির স্রোতে নিখোঁজ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ লিয়াকত মণ্ডল ওই এলাকার পুটিমারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে একটি হাঁড়ি সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদের কোলা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন লিয়াকত মণ্ডল। নদীর মাঝপথে প্রবল স্রোতের কারণে হাঁড়িতে পানি ঢুকে সেটি ডুবে যায়। এ সময় তিনি হাঁড়িসহ পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছেন। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছেন।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, “রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা পৌঁছানোর পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু হবে।”
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।”