বিবিধ

নটরডেমিয়ান্স বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  স্টাফ রিপোর্টার: ২৩ জানুয়ারি ২০২৬ , ৮:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নটরডেম কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬” গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী চর ভগবতীপুর, ঝুনকার চর, কালির আলগা, গোয়ালপুরি ও পার্বতীপুর গ্রামের ৪০০-এর অধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক উপ-যুব প্রধান সাব্বির আহমেদ এর সহযোগিতায় এবং ক্লাব নটরডেমিয়ান্সের সদস্য মেহেদী হাসান শিশির (১৯৯৯) ও যুগ্ম সচিব নাজমুল আবেদিন (১৯৯৩) এর সমন্বয়ে ২৩ জানুয়ারি ২০২৬ যাত্রাপুর ঘাটে এই কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ক্লাব নটরডেমিয়ান্সের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য হেলাল উদ্দীন খাঁন (ব্যাচ–২০০০)। এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মাহফুজুল হক, সাবেক যুব প্রধান সাব্বির আহমেদ, সংগঠনের অন্যান্য সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শীতার্ত মানুষজন।
উল্লেখ্য, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ক্লাবের সিএসআর কমিটির আহ্বায়ক খালেদ ফয়সল রহমান জিতু ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ শীতে ইতোমধ্যে ঢাকা, লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রাম ও ফেনী জেলায় ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।