কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে কাউনিয়ায় রংপুর–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতা–কর্মী ও ধানের শীষ প্রতীকের হাজার হাজার সমর্থক।
শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হারাগাছ পৌরসভা এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে জড়ো হন। পরে তারা বিক্ষোভ মিছিল করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় “ভোট চোর, ভোট চোর—এনসিপির আখতার ভোট চোর” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি বলেন,
“ভোটের মাঠে যে সাড়া পেয়েছি, তাতে আমার বিজয় নিশ্চিত ছিল। কিন্তু প্রশাসনের সঙ্গে আঁতাত করে এনসিপির প্রার্থী আখতার হোসেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। তার যদি সৎ সাহস থাকে, সে নিজেই পুনরায় ভোট গণনার ঘোষণা দিক। সে জিতলে আমি সেই রায় মেনে নেব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটনসহ স্থানীয় নেতারা।
কর্মসূচি চলাকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু রংপুর যাওয়ার পথে গাড়ি থেকে নেমে এমদাদুল হক ভরসাকে সান্ত্বনা দেন।
সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউনিয়া গার্লস স্কুল মোড় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ থাকায় দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিকে, একই দাবিতে উপজেলার বিভিন্ন স্থানে দিনভর বিএনপির নেতা–কর্মী ও সমর্থকরা পৃথক বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।











