চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে আবাদী জমি, বসতবাড়ি। এদিকে পাউবো কর্মকর্তা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে ক্ষতিগ্রস্থ বাধ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সরেজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় দেড় কিলোমিটার বাঁধ দীর্ঘদিন ধরে হুমকির কবলে রয়েছে। এর আগেও ওই এলাকায় বেশ কয়েকটি পয়েন্টে বাঁধের অংশ ভেঙে যেতে দেখা গেছে। পরে ওই সময় জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করা গেলোও আবারো পুনারায় গেল রাত থেকে ফের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। স্থানীদের দাবি, দ্রুত ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নিতে হবে।
স্থানীয় মাহবুবুর রহমান, মানিক, শাহন জানিয়েছেন,
বাঁধটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গতকাল রাতে হঠাৎ করে বিকট শব্দে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে ব্রহ্মপুত্রের গর্ভে চলে যায়। চোখের সামনে বাপ-দাদার ভিটেমাটি আর আবাদী জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। আমরা দ্রুত এর স্থায়ী প্রতিকার চাই।
কুড়িগ্রাম-৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এমপি মহোদয়ের সাথে কথা বলে দ্রুত ভাঙন রোধে জিওব্যাগ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোর সাথে কথা হয়েছে। এছাড়া ভাঙন রোধে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেছেন, ব্রহ্মপুত্রের কাঁচকোল এলাকায় ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা এখানে ডিপিপি দাখিল করা হয়েছে। এতে পূর্ণবাসন ও শক্তিশালী করণ অন্তর্ভূক্ত করেছি। আশা করছি ডিপিপিতে প্রকল্পটি বাস্তবায়িত হলে এই এলাকার যে সমস্যা আছে সেটা সমাধান হবে।
