উত্তরের আলো

ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড

ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মিলিত হয়। সেখানে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম–রংপুর মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা—“লীগ ধর জেলে ভর”,
“আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো”,
“ওসমান হাদির রক্ত, বৃথা যেতে দেবো না”—
ইত্যাদি নানা স্লোগানে শাপলা চত্বর এলাকা প্রকম্পিত করেন।

ব্লকেড কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “আমরা অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা শান্ত হবো না। অবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

তারা কুড়িগ্রাম প্রশাসনের উদ্দেশ্যে বলেন,“কুড়িগ্রামের ডিসি ও এসপি আওয়ামী লীগ–ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করছেন। ফ্যাসিস্ট অপশক্তি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে নানা উসকানিমূলক পোস্ট দিচ্ছে; তবুও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সদর উপজেলা শাখার সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

শেয়ার: