রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রংপুরের আরজানা বেগম

  রংপুর প্রতিনিধি: ১১ এপ্রিল ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। এ ঘোষণার পর সারাদেশের মতো রংপুরেও সম্ভাব্য নারী এমপি প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
এই প্রেক্ষাপটে রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও শিক্ষক আরজানা বেগম শুক্রবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তার মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়তেই রংপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়ে পোস্ট করছেন। অনেকেই তাকে যোগ্য, ত্যাগী ও অভিজ্ঞ প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চান।
স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং শিক্ষাক্ষেত্রে অবদানের কারণে আরজানা বেগম একজন গ্রহণযোগ্য প্রার্থী। তারা মনে করেন, দল তার ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে।
জানা গেছে, রংপুর মহানগরীর কামলা কাছনা মায়াময়ী সড়ক এলাকার বাসিন্দা আরজানা বেগম পেশাগত জীবনে দীর্ঘ প্রায় ৩০ বছর শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি ২০০৪ সালে রংপুর পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন এবং টানা ৮ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি রংপুর পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, আরজানা বেগম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে আসছেন। বর্তমানে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করছেন।
তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবুও তিনি রাজনীতি থেকে সরে না গিয়ে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
নেতাকর্মীদের দাবি, আরজানা বেগম একজন সৎ, শিক্ষিত ও ক্লিন ইমেজের ব্যক্তিত্ব। পারিবারিক ও সামাজিকভাবে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। তাই তাকে সংরক্ষিত নারী আসনের এমপি করা হলে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রংপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আরজানা বেগমকে মনোনয়ন দিয়ে রংপুরবাসীর প্রত্যাশা পূরণ করা হয়।