রৌমারী ও রাজিবপুরে ৩টি গ্রামে আজ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

ছবি:সংগৃহিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরের তিনটি গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম।

তিনি বলেন,রবিবার সকালে রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়ায় এবং চররাজিবপুরের সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া ও টোকমাথা গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।

রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রাম জামে মসজিদের ইমাম নজির হোসেন বলেন,রবিবার ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করবেন মাওলানা মো. রিয়াজুল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার ঈদের নামাজ আদায় করবেন স্থানীয় মুসল্লিরা।

সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, সৌদির সঙ্গে মিল রেখে রোববার সকাল সাড়ে ৯টায় ঈদ উদযাপন করবেন স্থানীয় মুসল্লিরা। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করেন এবং রোজা রাখেন।