বিবিধ

ফুলবাড়ীতে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

  হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ২৯ এপ্রিল ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো. রুহুল আমিনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মহসীন আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপজেলা সংগঠক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও কলেজ সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন, সহকারী গ্রন্থাগারিক আসফাকুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, এবং ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের সংগঠক মো. রুহুল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ জানান, ‘চলমান এই ভ্রাম্যমাণ বইমেলায় ১৫০টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। তিনদিনব্যাপী মেলায় প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। ২৯ এপ্রিল শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।’
মেলার প্রথম দিনেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা নিজ নিজ পছন্দের বিভিন্ন বই ক্রয় করেন।