আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ১৬ মে ২০২৬ , ৪:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হয়।