চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩০ মে ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগে হোটেল মালিক খবিরুজ্জামান কবির মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নৌ-বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার এক বাসিন্দা তার স্ত্রী ও আট মাস বয়সী সন্তানকে নিয়ে সৈয়দপুর থেকে নিজ এলাকায় ফিরছিলেন। যাত্রাপথে বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চিলমারীর রমনা ফেরিঘাট এলাকায় পৌঁছান। রাত হয়ে যাওয়ায় এবং নদীতে নৌকা চলাচল বন্ধ থাকায় তারা নৌ-বন্দর সংলগ্ন একটি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নিয়ে রাতযাপনের সিদ্ধান্ত নেন।
অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগীর স্বামী খাবার কিনতে থানাহাট বাজারে গেলে হোটেল মালিক কবির মিয়া সুযোগ নিয়ে কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে পুরো ঘটনা জানান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ ভুক্তভোগী নারী, তার স্বামী ও শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত কবির মিয়াকে গ্রেফতার করা হয়।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











