বিবিধ

চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১২ জুলাই ২০২৬ , ৮:১৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_16908288

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পানিতে পড়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যেতে পারেন। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।