চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৮ এপ্রিল ২০২৬ , ৯:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কড়াই বরিশাল চরে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের একটি প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্পের আওতায় এই সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটি অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং টেরেডেস হোমস (টিডিএইচ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তাদের সহনশীল করে তুলতে এ প্রকল্প কাজ করছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) চিলমারীর কড়াই বরিশাল চরের স্থানীয় কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়। খেলায় স্থানীয় কিশোরী ও যুবতীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চলের মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ‘স্পিরিট’ প্রকল্পের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হৃদয় মাহমুদ, স্থানীয় সংবাদকর্মী এবং স্পিরিট প্রকল্পের কর্মকর্তারা।
মাঠের চারপাশে চরাঞ্চলের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। উপস্থিত জনতা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উৎসবমুখর এই আয়োজন প্রমাণ করেছে, সঠিক সুযোগ ও পরিবেশ পেলে চরাঞ্চলের তরুণীরা তাদের প্রতিভা বিকাশে সক্ষম এবং একদিন তা বৃহত্তর পরিসরেও তুলে ধরতে পারবে।





