আতাউর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ , ২:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু এবং বিপুল পরিমাণ কসমেটিকসসহ প্রায় ২৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে ২২ বিজিবি ব্যাটালিয়ন, কুড়িগ্রাম।
বুধবার (২৫ জুন) ভোরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীন ধলডাঙ্গা বিওপির সীমান্তবর্তী মাস্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, ৫৫টি গরু, বিপুল পরিমাণ কসমেটিকস এবং অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি প্রতিটি বিওপি থেকে বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।










