বিবিধ

কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে: ডা. শফিকুর

  আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম: ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

আমরা কোনো পরিবারতন্ত্র বা গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ও চাই না—আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া ও বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে, ইনশাআল্লাহ। কোনো দাবি জানাতে হবে না—এটি হবে আমাদের নৈতিক কর্তব্য। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য উন্নয়নবঞ্চিত জেলাগুলোতেও কাজ করা হবে। তখন বঞ্চিতদের আর মিছিল করতে হবে না।
তিনি আরও বলেন, যারা রাষ্ট্রের দায়িত্বে যাবে তারা রাষ্ট্রের মালিক নয়, তারা রাষ্ট্রের চৌকিদার। চৌকিদারদের চৌকিদারের দায়িত্ব পালন করতে হবে। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি—ইনশাআল্লাহ এই উত্তর জনপদকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবক-যুবতি, মা ও ভাইয়েরা কাজ পাবে, কেউ বেকার থাকবে না। যখন এখানে কৃষি বিপ্লব হবে, তখন সবাই কাজ পাবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, শুধু আমাদের কৃষক বানিয়ে রাখবেন না—আপনাদের বুক থেকে, ঘর থেকে, মায়েদের গর্ভ থেকেই আগামীর প্রধানমন্ত্রী বের হবে, ইনশাআল্লাহ। এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। ‘গরিবের ছেলে তাই সে পড়তে পারবে না’—এই ধারণার অবসান ঘটবে। গরিবের ঘর থেকেই আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে। ওই মেধাগুলোকে বিকশিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব।
জনসভায় কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ,কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ ও শাহজালাল হক সবুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন,২৫ কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,২৬ কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিক মুজাহিদ,২৭ কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,২৮ কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আজকের জনসভায় কুড়িগ্রামের ৯টি উপজেলা থেকে প্রায় দুই লক্ষাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এসময় চারটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করা হয়।