চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ মে ২০২৬ , ৩:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ৪ মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি এবং নৌপথে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. নুরন্নবী।
তারা জানান, আগামী বৃহস্পতিবার (১৪ মে) রৌমারী ঘাট থেকে ‘কদম’ ফেরি চিলমারীর উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরবর্তীতে ‘কুঞ্জলতা’ ফেরিও এ নৌরুটে যুক্ত হবে।
জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন ও জনদাবির পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়। তবে নাব্য সংকটের কারণে বিভিন্ন সময় ফেরি চলাচল ব্যাহত হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে এ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ড্রেজিং কার্যক্রম পরিচালনার ফলে ফেরি চলাচলের দূরত্ব প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার কমে এসেছে। এছাড়া আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুজ্জামান বলেন, “রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা বেশি উপকৃত হবেন। আমরা চাই, ফেরি চলাচল স্থায়ীভাবে সচল রাখতে নাব্য সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হোক।”
স্কুল শিক্ষিকা তামান্না সিদ্দিকা বলেন, “দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ ছিল। ফেরি চালু হওয়ায় মানুষ অনেকটা স্বস্তি ফিরে পাবে।”
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আকিব সোহেল আকাশ বলেন, “ফেরি চালুর জন্য ঘাট এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকেই ফেরি চলাচল শুরু হবে।”





