অপরাধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ব্রহ্মপুত্র পাড়ে মানববন্ধন

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩০ মে ২০২৬ , ৮:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা, সুধীসমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ও অনিয়ন্ত্রিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে চিলমারীর বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ না করলে চিলমারীর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনপদ হুমকির মুখে পড়বে।
বক্তারা আরও বলেন, পরিবেশ ও নদী রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। একই সঙ্গে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে সরকারি নীতিমালা অনুসরণ করে বৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনের ব্যবস্থা করারও দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুহিন ওয়াদুদ, চিলমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক নিহারিকা শারমিন দীপি, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, এডিশন রিয়েল এস্টেটের ডেপুটি ম্যানেজার আশিক ইকবাল ইশাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।