বিবিধ

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ

  স্টাফ রিপোর্টার: ২৮ জানুয়ারি ২০২৬ , ৫:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে বাস্তবায়নাধীন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (ILDP)-এর আওতায় রৌমারী উপজেলার নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়। প্রকল্পটির উদ্দেশ্য হলো চর ও প্রত্যন্ত এলাকার অসহায় পরিবারগুলোর আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাবলম্বী করে তোলা।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে মোট ২১৮টি হাঁস-মুরগি বিতরণ করা হয়।

এ সময় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন,“চর ও সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার প্রাণিসম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস-মুরগি পালন অল্প খরচে লাভজনক হওয়ায় পরিবারগুলো নিয়মিত আয় ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুজ্জামান পাইকার বলেন,“এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের শুধু হাঁস-মুরগি বিতরণ নয়, নিয়মিত পরামর্শ, টিকাদান ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে এসব হাঁস-মুরগি থেকে পরিবারগুলো দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন,“সরকারের লক্ষ্য হলো প্রান্তিক ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন। হাঁস-মুরগি বিতরণের মতো কার্যক্রম দরিদ্র পরিবারগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে। প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে এসব পরিবার স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল রৌমারীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।