ইরিন জামান খান প্রান্তি,রাবি প্রতিনিধি: ১ মার্চ ২০২৬ , ৭:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ—রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক ‘গণ ইফতার’ মাহফিল। রবিবার (১ মার্চ), ১১ রমজান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ডুবন্ত সূর্যের গোধূলি লগ্নে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও শহীদ মিনার চত্বর হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। মুসলিম শিক্ষার্থীরা এক কাতারে শামিল হয়ে ইফতারে অংশ নেন। একই সঙ্গে অমুসলিম শিক্ষার্থীদের জন্যও পৃথকভাবে ইফতারের ব্যবস্থা রাখা হয়। তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আলাদাভাবে খাবার প্রস্তুত করা হয়।
আয়োজনকে ঘিরে সকাল থেকেই শুরু হয় প্রস্তুতি। আলোকসজ্জায় সজ্জিত করা হয় কেন্দ্রীয় মসজিদ ও শহীদ মিনার এলাকার প্যান্ডেল। শিক্ষার্থীদের জন্য রাখা হয় ফটোজোনও। বিকাল ৪টার পর থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন বাড়তে থাকে। নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বেশ তৎপর থাকতে দেখা যায়।
রাকসুর এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেললেও কিছু ক্ষেত্রে অসন্তোষও দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন,
“শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ধারাবাহিকভাবে নির্দিষ্ট জায়গায় যেতে যেতে ইফতারের সময় হয়ে যায়। এত হুড়োহুড়ি করে ঢোকার চেষ্টা রাকসুর ব্যবস্থাপনার একটি দুর্বলতা।”
অন্যদিকে, আরবি বিভাগের শিক্ষার্থী মো. মাসুম হোসেন বলেন,“ভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে রাকসুর এমন ইফতার আয়োজন প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ সত্যিই চমৎকার। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য মাধ্যম হয়েছে এই ইফতার মাহফিল।” একই সঙ্গে তিনি রাকসু কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সাধারণ শিক্ষার্থীরাও এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, “ধর্ম নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সবার পরিচয়কে প্রাধান্য দিয়েছে রাকসু।”











