কুড়িগ্রাম প্রতিনিধি: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম–২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ।
শুক্রবার রাত ১০টায় কুড়িগ্রাম শহরের হাসপাতাল পাড়ায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,অনেক ভোটকেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট শিট জমা দেওয়া হয়েছে।কয়েকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়।
ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের বাধার মুখে সড়কের ওপরই ভোট গণনা করা হয়।
ধানের শীষ প্রতীকের ব্যালটের ওপর শাপলা কলির ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গণনায় গরমিল ধরা পড়লে স্থানীয়রা বাধা দিলে প্রশাসনের পক্ষ থেকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
তিনি আরও জানান, ভোট কারচুরির কিছু প্রমাণ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে প্রদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, কুড়িগ্রাম–২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ পেয়েছেন ১,৮০,৫২৬ ভোট এবং নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৭১,৪০৫ ভোট।





