হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোশরফপুর বিওপি-এর দায়িত্বপূর্ণ এলাকায় কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত একটি ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২টি বিদেশি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি।
এছাড়াও অভিযানে উদ্ধার করা হয়েছে—১০০ বোতল ফেনসিডিল,৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন,২৫ বোতল বিদেশি মদ,২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











