রাজনীতি

নওগাঁ-২ আসনে নজির স্থাপন করলেন এমপি এনামুল হক

  ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

oplus_0

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের মানুষের মুখে এখন একটাই কথা—“আলহামদুলিল্লাহ, আমরা একজন মানবিক ও জনবান্ধব প্রতিনিধি পেয়েছি।”
নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ এনামুল হক তাঁর সরলতা, সততা ও নিরলস কর্মতৎপরতার মাধ্যমে ইতোমধ্যেই সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
কর্মব্যস্ত দিনের সূচনায় তিনি ভ্যানগাড়িতে চড়ে পত্নীতলা উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিতে যান। একজন সংসদ সদস্যের এমন সাধারণ ও বিনয়ী যাতায়াত পদ্ধতি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে প্রমাণ হয়েছে—তিনি ক্ষমতার প্রদর্শন নয়, বরং মানুষের সেবা ও পাশে থাকার মানসিকতাকেই প্রাধান্য দেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে আয়োজিত “বিনা লাভের বাজার” পরিদর্শন করেন তিনি। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এছাড়াও তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের সার্বিক অবস্থা, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও রোগীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে হাসপাতাল চত্বরে একটি নিমগাছ রোপণ করেন, যা পরিবেশ সচেতনতা ও সবুজায়নের প্রতীক হিসেবে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ হাবিবুর রহমান; নজিপুর পৌর জামায়াতের আমির মুহাম্মদ মুফাচ্ছেল হক; নজিপুর পৌর জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ; জামায়াত নেতা সহকারী অধ্যাপক হারুনুর রশিদ; পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এ সময় জামায়াতের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এসব কার্যক্রমে স্পষ্ট হয়েছে—ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক শুধু একজন নির্বাচিত জনপ্রতিনিধি নন; তিনি একজন দায়িত্বশীল, মানবিক ও দূরদর্শী নেতা। পত্নীতলা ও ধামইরহাটের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে তাঁর আন্তরিক প্রচেষ্টা এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।