চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৯ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু অন্তর্বর্তীকালীন সরকারকে আক্রমণ করে বলেছেন, “এই সরকার ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দেশকে লুটপাট করে অর্থনীতি খালি করে ফেলেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দিতে পারছে না, শিগগিরই সেনাবাহিনী ও সরকারি কর্মচারীদের বেতনও বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আজ দেশের কোষাগার শূন্য, বাজারে আগুন, মানুষ দিশেহারা। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ অযোগ্য ও ব্যর্থ। তারা শুধু ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের দুঃখ-কষ্ট তাদের কাছে কোনো মূল্য নেই। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করার শক্তি একমাত্র তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিরই আছে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চিলমারীর শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় শফিকুল ইসলাম বেবু বলেন,
“যেমন মানুষ হাতপাখা ছেড়ে ফ্যান ব্যবহার করছে, দাড়িপাল্লা ছেড়ে ডিজিটাল মেশিনে যাচ্ছে—ঠিক তেমনি পুরোনো সব ব্যর্থতা ফেলে দিয়ে জনগণ এবার ধানের শীষকেই বেছে নেবে। পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত ধানের শীষ থাকবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,“আজিজুর রহমান যদি হেরে যান, তাহলে চিলমারী উপজেলা বিএনপি কমিটিও থাকবে না। তাই কোনো গাফিলতি চলবে না। ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগাতে হবে, ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে। কুড়িগ্রাম-৪ আসন আমরা তারেক রহমানের হাতে তুলে দেবো—এই আমাদের শপথ।”
জামায়াতকে লক্ষ্য করে তিনি বলেন,“জামায়াত যদি বুঝতে পারে তারা হেরে যাচ্ছে, তাহলে তারা নির্বাচন বানচাল করতে সহিংসতা সৃষ্টি করবে—এটা তাদের পুরোনো কৌশল। কিন্তু আমরা ভয় পাব না। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র রুখে দেব।”
জনসভায় কুড়িগ্রাম-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





